চট্টগ্রামের ফটিকছড়িতে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় নারায়ণহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ চৌধুরীসহ আট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার প্রথম ধার্য তারিখে আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে অভিযোগের গুরুত্ব, আর্থিক অনিয়মের পরিমাণ ও মামলার সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন সাবেক নারী ইউপি সদস্যও রয়েছেন।
সূত্র আরও জানায়, স্পেশাল মামলা নম্বর–২৯/২০২৫ হিসেবে নথিভুক্ত এ মামলাটি ২০১৯ সালে সংঘটিত একটি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ আত্মসাৎ করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি বিচারাধীন হিসেবে গ্রহণ করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবির হুসাইন সাংবাদিকদের বলেন,
২০১৯ সালের একটি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ চৌধুরীসহ আট আসামি আজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, মামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। এতে সরকারি অর্থের অপব্যবহার ও আত্মসাতের বিষয়টি উঠে এসেছে, যা জনস্বার্থের সঙ্গে সরাসরি জড়িত।
এ ঘটনায় ফটিকছড়ি উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিল।
উল্লেখ্য, মামলাটির পরবর্তী শুনানির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
