গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
অভিযানটি পরিচালিত হয় সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও আটক করা হয়েছে।
এ ছাড়াও ব্যাটালিয়ন সদরদপ্তরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানস্লিক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াস, শাড়ী, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সনপাপড়ি ও সিগারেট আটক করে।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ অভিযানের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। তিনি জানান, আটককৃত মালামাল সংক্রান্ত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
