খুলনার খালিশপুরে এক বাসা থেকে ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থাকা দ্বীন মোহাম্মদ মনজিল থেকে সুমন মল্লিকের ভাড়া করা ঘর থেকে এই চাল উদ্ধার করা হয়।
খালিশপুর থানার ওসি মোঃ তৌহিদুজ্জামার নেতৃত্বে পুলিশ একটি অভিযান চালিয়ে অবৈধ চাল কালোবাজারি ঠেকায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে কিছু কালোবাজারি চক্র পালিয়ে গেলেও, সুমন মল্লিকের ভাড়া ঘর এবং পার্শ্ববর্তী প্লাটিনাম জুট মিলস স্টাফ কোয়ার্টারে রাখা চাল উদ্ধার করা সম্ভব হয়।
পরে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব মোবাইল কোর্ট বসিয়ে চাল জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওসি তৌহিদুজ্জামা জানান, উদ্ধারকৃত ৬৯৭ বস্তা চাল খাদ্য গোডাউনে রাখা হয়েছে এবং কালোবাজারি ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ওএমএসের চাল কালোবাজারি এবং খুলনা সিএসটি গোডাউনের মাধ্যমে পাচারসহ এ ধরনের অনিয়মের সঙ্গে খাদ্য বিভাগের কর্মকর্তারা জড়িত থাকতে পারেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
