ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, যারা ইসলামের নীতি ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে আয়োজিত কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় পীর আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা। যারা ইসলাম ও দেশকে ভালোবাসেন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা দেখতে চান, তাদের ভোটের আহ্বান জানান তিনি।
পীর যোগ করেন, দেশের পরিবর্তন আনার জন্য ন্যায়ের, নীতি ও মানবতার কল্যাণের পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা না হলে আন্দোলন-সংগ্রামের প্রকৃত অর্থ থাকে না।
জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত ও জেলা নেতা আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতারা।
দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে মুফতি রেজাউল করিম কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-৩ আসনের পথসভা ও জনসভায় বক্তব্য রাখবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
