ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ

রাজনীতি | ইমরান খান |জেলা প্রতিনিধি |রাজবাড়ী

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৯ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে রাজবাড়ী–২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর নির্বাচনী প্রচারণায় একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রার্থীর কন্যা ফারজানা হক অনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটি এলাকায় ‘কলস’ প্রতীকের পক্ষে প্রচারণা চলাকালে ধানের শীষের কর্মী পরিচয়ে স্থানীয় ইউপি সদস্য তোতা মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আরিফ জোরপূর্বক প্রচার মাইকের মেমোরি কার্ড ছিনিয়ে নেন। এতে তাৎক্ষণিকভাবে প্রচারণা বন্ধ হয়ে যায়।

পরে পুনরায় প্রচারণা চালানোর চেষ্টা করলে ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দিয়ে এলাকা ত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পরদিন ২৭ জানুয়ারি বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার ভট্টাচার্যপাড়া এলাকায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযোগ অনুযায়ী, আশরাফুল ইসলাম ওরফে আরিফ এবং মকবুল খাঁর ছেলে মিল্টনসহ কয়েকজন ব্যক্তি পুনরায় প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নিয়ে প্রচারণা বন্ধ করে দেন। এ সময় ভ্যানচালক নাসিরকে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়।

ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এ বিষয়ে ফারজানা হক অনি বলেন, “নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া শুধু একটি প্রার্থীর অধিকার হরণ নয়, এটি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার শামিল।” তিনি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগপত্রে প্রার্থী ও তাঁর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী প্রচারণা নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯