জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা একটি গভীর ষড়যন্ত্রের অংশ, এমন দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত করতেই পরিকল্পিতভাবে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল পরিকল্পিতভাবে নারীদের নিয়ে কটূক্তি করছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, এসব বিষয় নিয়ে আজ বিকাল তিনটায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। অভিযোগ দাখিলের সময় জামায়াতের নারী প্রতিনিধিরাও নির্বাচন কমিশনে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
জামায়াতের পক্ষ থেকে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
