ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দখলদারি বন্ধ করা হবে: শেরপুরে জামায়াত আমির

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১১:১৮ অপরাহ্ন

banglahour

 

ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারি ও টেন্ডারবাজি বন্ধ করা হবে,এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ আজ একটি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, আর ১২ তারিখের নির্বাচন হবে ভাগ্য পরিবর্তনের দিন।

রোববার শেরপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে তার হ্যাক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) আইডি থেকে দেওয়া কিছু মন্তব্যে যদি মা-বোনেরা কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে শেরপুর সফরের অংশ হিসেবে জামায়াত আমির নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন। রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নিহতের বাবাকে সান্ত্বনা দেন।

কবর জিয়ারতের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে ঘটনার চার দিন পার হলেও হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান রোববার বেলা ১১টায় হেলিকপ্টারে করে গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন। পরে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

দীর্ঘদিন পর জামায়াত আমিরের শেরপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন।

জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদাপোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯