ময়মনসিংহের মুক্তাগাছায় হযরত খাদিজাতুল কোবরা এতিমখানা ও একটি মহিলা মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ঘটনায় সংশ্লিষ্টরা আতঙ্কিত, এবং মো: নজরুল ইসলামকে এক নম্বর আসামি করে ১২ জনের নামে থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ চলছিল। ১৯৯২ সাল থেকে আদালতে মামলার পর মাদ্রাসার পক্ষে একাধিক রায় এসেছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার আনুমানিক দুইটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে শ্রেণিকক্ষ ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালায়। শিক্ষক ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং কিছু মালামাল নষ্ট করা হয়।
ঘটনার সময় কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে শিক্ষক ও পরিচালনা সংশ্লিষ্টরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ কাদের বলেন, ইতিপূর্বে এ ব্যাপারে দরবার করা হলেও হামলাকারীরা তা উপেক্ষা করেছে।
মুক্তাগাছা থানার তদন্ত কর্মকর্তা এসআই আয়াতুল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
