সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচিত হলে উন্নয়ন কর্মকাণ্ডে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা হবে। তিনি উল্লেখ করেন, বিগত দেড় যুগে স্থানীয় উন্নয়নে গণমানুষের অংশগ্রহণ ছিল সীমিত এবং কাজের স্বচ্ছতাও ছিল না। তবে ভবিষ্যতে প্রতিটি এলাকায় প্রকৃত চাহিদা অনুযায়ী টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
সোমবার সকালে সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এবং দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত সভায় খন্দকার মুক্তাদির বলেন, “প্রতিটি উন্নয়নের হিসাব জনগণের কাছে সরাসরি উপস্থাপন করা হবে। অপচয় বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার জন্য পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ করা হবে। নগরীর নতুন ওয়ার্ডগুলোতে এবং সদর উপজেলার ৭ ইউনিয়নে আলাদা খেলার মাঠের পাশাপাশি আন্তর্জাতিক মানের ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিজ গড়ে তোলা হবে।”
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওবায়দুল রহমান ফাহমির পরিচালনায় বক্তব্য রাখেন। সভায় মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। খন্দকার আব্দুল মুক্তাদির দক্ষিণ সুরমা ঝালোপাড়া, শিবগঞ্জ, রিকাবীবাজার ও কানিশাইল এলাকায় পৃথক পথসভায় অংশগ্রহণ করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই তার মূল লক্ষ্য, এবং সিলেটকে ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
