সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) নির্বাচনী জনসংযোগ, পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে লালাবাজার ইউনিয়নে একটি জনসভায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, “আমি বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমাকে সিলেটের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সমর্থন ও দোয়া প্রয়োজন।”
আলোচনা সভায় এম এ মালিক আরও বলেন, বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকের ওপর থাকা ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, এবং কৃষি কার্ড থাকলে কোনো সুপারিশ ছাড়াই কৃষিঋণ পাওয়া যাবে। এছাড়া কৃষকরা ট্র্যাক্টর ও আধুনিক কৃষি যন্ত্রপাতি কিনতে চাইলে ব্যাংক থেকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করে মাসিক নগদ সহায়তা প্রদান করা হবে।
নারী উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে এম এ মালিক উল্লেখ করেন। তিনি বলেন, মা-বোনদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তার মাধ্যমে তাদের সমাজ ও অর্থনীতিতে আত্মনির্ভরশীল করা হবে।
সভায় উপস্থিতদের ভোটকেন্দ্রে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার নির্দেশ দেন।
এম এ মালিক তার বক্তৃতার শেষাংশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের কথা স্মরণ করে বলেন, বিএনপি উন্নয়ন ও নিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক মল্লিক। উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহবায়ক হেলাল খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, লালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
