পিরোজপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের ৪১৮টি ভোটকেন্দ্রে মোট ৫ হাজার ৪৩৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ এ তথ্য জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, “বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। আমাদের দেশ ও মানুষের সুরক্ষা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমরা নিরপেক্ষ অবস্থানে থেকে শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এবং জেলার ৭টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
