জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রবাসী এক পরিবারের জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আওয়ামী লীগ ও বিএনপির দুই স্থানীয় নেতার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দুপুরে উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রবাসী গোলাম মাওলা, আবুল হোসেন, নাসিমা বেগম ও ফিরোজা বেগম। বক্তারা অভিযোগ করেন, কড়ইচূড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মতিন এবং ইউনিয়ন বিএনপির সদস্য মামুনুর রশিদ মামরুলের নেতৃত্বে গত ২ ফেব্রুয়ারি একটি চক্র প্রবাসী গোলাম মাওলার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় হামলায় অন্তত ১২ জন আহত হন বলেও দাবি করা হয়। তারা আরও অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মামুনুর রশিদ মামরুল মুঠোফোনে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বরং প্রবাসী পরিবারই তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
