১০৪ জনকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন ও আংশিক জেরা শেষ হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্যগ্রহণ গ্রহণ করা হয়।
সাক্ষ্য প্রদানকালে সাবেক এই সেনাপ্রধান র্যাব ও ডিজিএফআই বিলুপ্ত করার দাবি জানান। তিনি বলেন, ‘আয়না ঘর’-এর মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার মাধ্যমে ডিজিএফআই তার নৈতিক ও আইনি বৈধতা হারিয়েছে।
এর আগে রোববার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া ‘অপারেশন ক্লিন হার্ট’-এর নামে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় ডিজিএফআইয়ের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতনের শিকার হন বলেও তিনি সাক্ষ্যে উল্লেখ করেন।
সাবেক সেনাপ্রধান আরও বলেন, র্যাব গঠনের পর সেখানে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের যুক্ত করার সিদ্ধান্ত ছিল একটি ভুল পদক্ষেপ, যা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের পথ সুগম করেছে।
এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলাটির অবশিষ্ট জেরা গ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
