ভোটের দিন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকবে। অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সিভিল ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, নির্বাচনকে ঘিরে এখানকার পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ রয়েছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
