আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে এক ধরনের ডিজিটাল জোয়ার দেখা দিয়েছে।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষের প্রোফাইলেও এখন ধানের শীষের উপস্থিতি চোখে পড়ার মতো।
গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফেসবুক টাইমলাইনে ধানের শীষ সম্বলিত ফ্রেম, ব্যানার ও ডিজিটাল গ্রাফিক্সের আধিপত্য দেখা যাচ্ছে। এমনকি যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন তরুণ ও সাধারণ নাগরিকদেরও নিজ নিজ প্রোফাইল পিকচার ও স্টোরিতে এই প্রতীক ব্যবহার করতে দেখা গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের আমেজ সিলেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরীর পাশাপাশি সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিএনপি প্রার্থীদের সমর্থনে এই ডিজিটাল প্রচারণা জোরালো হচ্ছে।
ফেসবুকে ধানের শীষ শেয়ার করা অনেক সাধারণ ভোটার জানিয়েছেন, তারা গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে এই প্রতীককে বেছে নিয়েছেন। সিলেট নগরীর এক তরুণ সংবাদকর্মী বলেন,
সোশ্যাল মিডিয়া এখন আমাদের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম। সিলেটে যে গণজোয়ার দেখা যাচ্ছে, তার বড় একটি অংশই ডিজিটাল মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা এই ট্রেন্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সাধারণ মানুষের প্রোফাইলে ধানের শীষের এই ব্যাপক উপস্থিতি মাঠ পর্যায়ের ভোটের প্রতিফলন। তবে প্রতিপক্ষ শিবিরের পক্ষ থেকে এ ধরনের অনলাইন প্রচারণাকে কৌশলী ‘ভোটযুদ্ধ’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সিলেটে এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
