বগুড়া-২ আসনে নির্বাচনী দায়িত্বে পক্ষপাতিত্বের অভিযোগে আগেই প্রত্যাহার হওয়া শিবগঞ্জ থানার সাবেক ওসি আব্দুল হান্নানকে আবারও শিবগঞ্জ উপজেলায় মোবাইল টিমের দায়িত্বে নিয়োগ দেওয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জামায়াত ও এনসিপির অভিযোগের পর তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শেষ পর্যন্ত তাকে পুনরায় প্রত্যাহার করে গাবতলী থানা এলাকায় দায়িত্ব দেওয়া হয়। বুধবার (সন্ধ্যায়) এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান শিবগঞ্জ থানার ওসির দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নথিভুক্ত করা নিয়ে তিনি বিতর্কিত হয়ে পড়েন। ওই সময় অসংখ্য বিএনপি নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে তিনি ‘স্যার’ সম্বোধন করতেন। বিষয়টি প্রকাশ্যে এলে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে কাহালু থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়। তবে সেখানেও তিনি বেশিদিন টিকতে পারেননি। পরে তাকে কমিউনিটি পুলিশিংয়ে সংযুক্ত করা হয়।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের দিন আব্দুল হান্নানকে শিবগঞ্জ উপজেলার ‘নির্বাচনী মোবাইল টিম–১৩’-এর দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ছিল ১০টি ভোটকেন্দ্রের মোবাইল ডিউটি।
বুধবার তিনি দায়িত্ব পালন শুরু করলে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে গাবতলী থানা এলাকায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
