পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। জেলার ৪১৮টি ভোটকেন্দ্রে প্রশাসনিক কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জর্জ হাই স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক জানিয়েছেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোন অনিয়মের তথ্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক আবু সাঈদ জানান, ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের তদারকি করছেন।
এবারের নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে ৭টি উপজেলায় মোট ১০ লক্ষ ৪২ হাজার ৮২৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ ও ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। এই আসনগুলোতে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
