কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আমেজে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। শীত বিদায় নিলেও এলাকায় এখনো ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, তবুও তা উপেক্ষা করে নবীন-প্রবীণ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।
বিশেষ করে নারী ও প্রথমবার ভোট দেওয়া তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেককে দেখা গেছে সপরিবারে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে। কেন্দ্রের ভেতরে যেমন শৃঙ্খলা বজায় আছে, তেমনি বাইরে প্রার্থীদের অস্থায়ী বুথগুলোতেও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করছেন। দীর্ঘদিন ভোট না দেওয়া অনেক ভোটারকেও এবার কেন্দ্রে দেখা গেছে। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় তাদের সমর্থকদের একটি অংশ কিছু কেন্দ্রে অনুপস্থিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু আওয়ামী লীগ কর্মী ভোট দিতে এলেও সংখ্যা খুব বেশি নয়।
নির্বাচন সুষ্ঠু করতে পুরো জেলার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। নিয়মিত টহলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়ার বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি শতকরা ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া-১ আসন
দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউর রহমান বলেন,
সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সব শ্রেণির ভোটাররা আসছেন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা নেই। অনেকটা ঈদের মতো উৎসবমুখর পরিবেশ।
কুষ্টিয়া-২ আসন
চাঁদগ্রাম চাষী ক্লাব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহিদুল হক জানান,
“ভোটারদের এমন উপস্থিতি প্রমাণ করে মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে আগ্রহী।
ভেড়ামারা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খলিলউল্লাহ বলেন,
এবারের ভোটগ্রহণ প্রক্রিয়া অনেক বেশি সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।
কুষ্টিয়া-৩ ও ৪ আসন
এই দুই আসনেও নারী-পুরুষ সব বয়সী ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন ভোটার হিসেবে দুই বোন শারমীন জান্নাত ও নওরীন জান্নাত বলেন,
“প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। এত মানুষের উপস্থিতি দেখে আরও উৎসাহ পাচ্ছি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মানুষের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে—নতুন বাংলাদেশের এই নির্বাচনে ভোটারদের মাঝে এক ধরনের আলাদা প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনার কার্যক্রম। সেই ফলাফলের অপেক্ষায় সবাই ব্যাকুল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
