চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামের গাঙপাড়ায় ভৈরব নদ থেকে কচুরিপানার ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিমুল (৪০) একই উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন নদীর কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে শিমুল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
