ঢাকা: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছেন অদূর ভবিষ্যতে দেশে নির্দিষ্ট করে আলাদাভাবে নারী দিবস পালনের দরকার হবে না। প্রযুক্তিগত শিক্ষায়ও আমাদের দেশের মেয়েরা অনেক এগিয়ে।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আজ (১৩ মার্চ ) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা স্মারক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে চমৎকারভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন।
বাংলাদেশ পুলিশে নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে চারজন নারী ডিআইজি, ২৪ জন নারী অতিরিক্ত ডিআইজি ও ৬৪ জন নারী পুলিশ সুপার রয়েছেন। বাংলাদেশ পুলিশে নারী পুলিশের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশে নারী পুলিশের সংখ্যা দুই ভাগ থেকে বেড়ে বর্তমানে আট ভাগে উন্নীত হয়েছে। বাংলাদেশ পুলিশে নারী পুলিশ সদস্য সংযোজনের ফলে আমাদের সক্ষমতার মাত্রা অনেক বেড়েছে।
তিনি বলেন, পুলিশে নারীর পদচারণা একসময় এতটা মসৃণ ছিল না। তখন তাদেরকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশ পুলিশে নারীদের অবস্থান আজ সুদৃঢ় হয়েছে পূর্বসূরীদের দেখানো পথ ধরে। আজকে নারী পুলিশ সদস্যরা দক্ষতার সাথে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, নারীরা যত চ্যালেঞ্জ গ্রহণ করবে তারা ততো এগিয়ে যাবে। তিনি বলেন, করোনার সময় যখন মানবিকতার চরম বিপর্যয় ঘটেছে তখন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিভিন্নভাবে নারী পুলিশ সদস্যদের সাহায্য সহযোগিতা করেছে, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার আ্যন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক প্রফেসর ড. তানিয়া হক। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক, সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস, এসবির ডিআইজি ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতি আমেনা বেগম প্রমুখ।
'ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন' প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সাবেক অতিরিক্ত আইজিপি রওশন আরা বেগম (মরণোত্তর), সাবেক ডিআইজি মিলি বিশ্বাস, বাংলাদেশ পুলিশ এয়ার উইংয়ের প্রথম নারী পাইলট ফাতেমা তুজ জোহরা এবং বিপিডব্লিউএন-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
