ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন রাষ্ট্রপতি কে? বিএনপির ভেতরে জোর আলোচনা

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:২০ অপরাহ্ন

banglahour

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে রাষ্ট্রপতি পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নামও ভেসে বেড়াচ্ছে।

দলীয় একাধিক সূত্র জানায়, রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম জোরালোভাবে বিবেচনায় রয়েছে। একই সঙ্গে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান-এর নামও আলোচনায় আছে। তবে মোশাররফ হোসেনের নামই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিসভা গঠনের পাশাপাশি রাষ্ট্রপতি পদের বিষয়টিও সমান্তরালভাবে আলোচনায় রয়েছে।

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বলে গত ডিসেম্বর বার্তা সংস্থা জবঁঃবৎং-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করা তাঁর সাংবিধানিক কর্তব্য। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর; সে হিসাবে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা। তবে সাক্ষাৎকারে তিনি সরে দাঁড়ানোর আগ্রহের কথাও জানান।

রাজনৈতিক অঙ্গনে আগে থেকেই আলোচনা ছিল বিএনপি সরকার গঠন করলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন। ৭৯ বছর বয়সী এই নেতা কুমিল্লা–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি চারবার সংসদ সদস্য ছিলেন এবং ১৯৯১ সালে জ্বালানিমন্ত্রী ও ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে অবস্থান করে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন বলেও জানা যায়।

দলীয় সূত্রের ভাষ্য, খন্দকার মোশাররফ তুলনামূলকভাবে কম বিতর্কিত ও অভিজ্ঞ রাজনীতিক হওয়ায় রাষ্ট্রপতি পদে তাঁকে এগিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শও রয়েছে দলের ভেতরে। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।

তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত নাম ঘোষণা হতে পারে। নতুন সরকারের প্রথম দিকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হবে এই রাষ্ট্রপতি নির্বাচন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম