রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। নিহত জাহিদ হাসান ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জাহিদ হাসান খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, প্রায় চার বছর আগে জাহিদ মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকে তিনি এলাকায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। নিহতের ভাতিজা শিহাব ফকীর বলেন, “কাকার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমরা জানতাম না। গতকাল দুই ব্যক্তি বাড়িতে এসে ২ হাজার ৫০০ টাকা পাওনার কথা বলে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছিল বলে শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানি না।
নিহতের বাবা মাহাতাব ফকীর বলেন, “আমার ছেলের কোনো শত্রু ছিল না। আমি হত্যাকারীদের বিচার চাই।”
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম জানান, দুপুর ১টার দিকে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
