ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাসচালক আব্দুল বাসেত (৫০)। এ ঘটনায় বাসের অন্তত ৭–৮ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলপুর ক্যাম্পের কার্যক্রম শেষে ময়মনসিংহে ফিরছিল। একই সময় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস বালিয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন গুরুতর আহত হন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর সার্জেন্টের অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পথে বাসচালক আব্দুল বাসেতও মারা যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা শেরপুর–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
