ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশে প্রথমবার শাবিপ্রবিতে ‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৬ অপরাহ্ন

banglahour

দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান ভবনের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করেন। নির্বাচন, ভোট আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রাযুক্তিক গবেষণা পরিচালনা করাই এই ল্যাবের মূল লক্ষ্য।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন,
“এই ইলেকশন ল্যাবের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনী তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগ পাবে। এতে ভবিষ্যতের নির্বাচন আরও উন্নত করতে গবেষণা সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান। তিনি বলেন,
“বিভাগে প্রথমবারের মতো এ ধরনের ল্যাব প্রতিষ্ঠা যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করতে পারবে।


ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন,
“নির্বাচনসংক্রান্ত তথ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য গবেষণা ফলাফল উপস্থাপন এবং গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করাই এই ল্যাবের উদ্দেশ্য।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফাহামিদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিভাগের এক সভায় ইলেকশন ল্যাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন নির্বাচনী আসনে জরিপ কার্যক্রম, প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ, আসনভিত্তিক ফলাফল মূল্যায়ন এবং ভোটিং পদ্ধতি নিয়ে গবেষণা পরিচালনা করেছেন। এসব কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনতেই ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এতে উন্নয়ন ও নাগরিক প্রতিষ্ঠান ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর সহযোগিতা রয়েছে।
ল্যাবটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জরিপের তথ্য, নির্বাচনের ফলাফল ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গবেষণা পরিচালনার পাশাপাশি সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য প্রতিবেদন প্রকাশের উদ্যোগও নেওয়া হবে বলে জানানো হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনের ফলাফল, ভোটের প্রবণতা ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম