তারাবির নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে মোস্তফা কামাল (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে।
নিহত মোস্তফা কামাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার ওসি মো. নবীউল হাসান বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত গভীর রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মোস্তফা কামালের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলছিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের বাজারের মসজিদের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় মাঠে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আঁখি বেগম ১৪ জনের নাম উল্লেখ এবং আরও ৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে মোট ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে ঘটনার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
