ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারাবিহ নামাজে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী সুজনকে উদ্ধারের দাবি, খুলনায় সংবাদ সম্মেলন

সারাদেশ | খুলনা প্রতিনিধি

(৫ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৩:১২ অপরাহ্ন

banglahour

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের একমাত্র ছেলে ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) তারাবিহ নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ সুজনের বাবা কাজী আব্দুস সোবহান প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ইফতার শেষে নিজ বাসা থেকে পুলিশ লাইন মসজিদে তারাবিহ নামাজ আদায় করতে যান সুজন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মসজিদ থেকে বের হয়ে কিছু সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সুজন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় পরবর্তী গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়নি।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই রাতেই আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও কোনো সন্ধান মেলেনি। পরে ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬০) করা হয়। পাশাপাশি পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে কাজী আব্দুস সোবহান বলেন, ছেলেকে না পেয়ে পরিবারের সবাই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সুজনের মা অসুস্থ হয়ে পড়েছেন এবং তার স্ত্রী পাঁচ বছরের সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন।


তিনি দাবি করেন, সুজন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা ব্যক্তিগত শত্রুতাও নেই। পারিবারিক ব্যবসা পরিচালনার পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।


সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের প্রতি তার একমাত্র সন্তানকে দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯