ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ফল ব্যবসায়ীর ৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৮ মাস আগে) ২ মার্চ ২০২৬, সোমবার, ১:২৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের ভৈরবে ফল ব্যবসায়ী আবুল কালামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে ম্যানেজার আনোয়ার পারভেজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ফল ব্যবসায়ীরা।


সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম জানান, সরল বিশ্বাসে ২০০৯ সালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘ভৈরব ফল ভান্ডার’-এ আনোয়ার পারভেজকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব তার ওপর অর্পণ করা হয়।
তিনি অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্যবসার লেনদেন বাবদ আনোয়ার পারভেজ মোট ৩৮১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৯৯২ টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৩৭৭ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৫৯৫ টাকা ব্যয় দেখানো হলেও অবশিষ্ট ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।


আবুল কালামের দাবি, আত্মসাৎ করা অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি জমি ক্রয় ও একাধিক ভবন নির্মাণ করেছেন। গত ২২ ফেব্রুয়ারি হিসাব চাইলে আনোয়ার পারভেজ অভিযোগ অস্বীকার করে সময়ক্ষেপণ করেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তিনি আবুল কালাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।


তিনি আরও জানান, বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের কারণে পুঁজি সংকটে তার ব্যবসা প্রায় ধসে পড়েছে এবং তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল কালামের পুত্র বিজয় খন্দকার এবং স্থানীয় ফল ব্যবসায়ী হাজী জাকির ও মোস্তফা মিয়া। তারাও অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম