ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে কালের সাক্ষী: জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ

অন্যান্য | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ মাস আগে) ২ মার্চ ২০২৬, সোমবার, ১০:৩৮ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৭৮০ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এর নির্মাণে লেগেছে প্রায় ২১ বছর। মসজিদটি ২০০৬ সালে প্রতœতত্ত¡ অধিদপ্তরের আওতায় অন্তর্ভুক্ত হলেও এখনও যথাযথ সংরক্ষণ হয়নি।


ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই মসজিদ জেলায় ছড়িয়ে থাকা অনেক পুরাকীর্তির মধ্যে অন্যতম। ১৭৮০ সালে মসজিদটির ভিত্তি স্থাপন করেন তৎকালীন জমিদার জামাল উদ্দীন চৌধুরী। মসজিদটি তার নাম অনুসারে ‘জামালপুর জামে মসজিদ’ নামে পরিচিত হয় এবং এলাকার নামও বসন্তনগর থেকে জামালপুর হয়ে যায়।
জমিদারবাড়ি চৌধুরী পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হালিম চৌধুরী ১৭৬৫ সালে কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে তাজপুর থেকে বসন্তনগরে আসেন। পরে তিনি লাটের পারপূগী মৌজার প্রায় ১ হাজার বিঘা জমি কিনে জমিদারি গ্রহণ করেন এবং ১৭৭০ সালে ব্রিটিশ প্রশাসনের কাছ থেকে চৌধুরী উপাধি পান। তিনি মোট ২৬ হাজার একর জমি ক্রয় করেছিলেন, যা বর্তমানে ৩ জেলার ৮ থানায় বিস্তৃত।
জমিদারের রাজ প্রাসাদ নির্মাণের সময়, ১৭৮০ সালে ভারতের এলাহবাদ থেকে মিস্ত্রী এনে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। এরপর তার ছেলে রওশন আলী চৌধুরী ও নাতি জামাল উদ্দীন চৌধুরী মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যান। ১৮০১ সালে নুনু মোহাম্মদ চৌধুরী মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। মসজিদ নির্মাণে দুই প্রধান মিস্ত্রী হংস রাজ ও রামহিৎ ছিলেন।


মসজিদটি অঙ্গনে প্রবেশমুখে একটি বড় তোরণ রয়েছে। তিনটি বড় গম্বুজের সাথে ২৪টি মিনার আছে, প্রতিটি মিনারের উচ্চতা ৩৫ ফুট। মিনার ও গম্বুজের মিলনে সৃষ্টি হয়েছে অপূর্ব সৌন্দর্য। মসজিদের মূল কক্ষ, বারান্দা, এবং চার প্রাচীরবেষ্টিত খোলামেলা অংশসহ স্থাপত্য শৈলী দৃষ্টিনন্দিত। মসজিদের মূল দৈর্ঘ্য ৪১ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ১১ ফুট ৯ ইঞ্চি। বারান্দার আকার যথাক্রমে ৪১ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্য ও ১১ ফুট ৩ ইঞ্চি প্রস্থ, এবং দ্বিতীয় বারান্দার আকার ৪১ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৯ ফুট ৫ ইঞ্চি প্রস্থ।


মসজিদে একসঙ্গে ৩শ’ মানুষ নামাজ পড়তে পারেন। দেয়াল ও দরজায় লতাপাতা ও ফুলের নকশা সুদৃশ্যভাবে করা হয়েছে।
জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক মোস্তফা নূরুল আনোয়ার চৌধুরী জানান, ১৯৬৫ সালে ঝড় ও বৃষ্টিতে ১১টি মিনারের মধ্যে ৭টি মেরামত করা হলেও ৪টি এখনও ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া প্রতœতত্ত¡ অধিদপ্তরের দায়িত্ব নেওয়া সত্ত্বেও মসজিদটি এখনো সংরক্ষিত হয়নি।


মসজিদের ইমাম হাফেজ মোঃ রুহুল আমীন জানান, প্রতিদিন দেশ-বিদেশ থেকে শত শত মানুষ মসজিদটি দেখতে আসেন। দর্শনার্থীরা এ স্থাপত্যের কারুকাজ দেখে মুগ্ধ হন এবং সরকারের কাছে সংরক্ষণের দাবি জানান।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইরশাত ফারজানা বলেন, “জেলা প্রশাসনের বরাদ্দে প্রতœতত্ত¡ অধিদপ্তর মসজিদটি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করবে। এতে মসজিদটির স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।”

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯