কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে নেটিজেনদের মধ্যে শোকের পাশাপাশি চরম নেতিবাচক প্রতিক্রিয়ার একটি সংমিশ্রণ দেখা গেছে। ১৫ মে ২০২৬ তারিখে ভারতের চেন্নাইয়ে লিভার সংক্রান্ত জটিলতায় তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিশ্র চিত্র ফুটে ওঠেছে।
শোবিজ অঙ্গনের অনেক তারকা এবং তার নিয়মিত দর্শকরা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব এবং সৃজনশীল কাজের কথা স্মরণ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।
কারিনার বাবা কায়সার হামিদ মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার আত্মার শান্তির জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদের আবেগঘন বার্তার পর সাধারণ মানুষ তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।
কারিনা কায়সারের মৃত্যু বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক উভয় দিককেই নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
কারিনা কায়সারের মৃত্যুর পর ফেসবুকের বিভিন্ন কমেন্ট সেকশনে একদল নেটিজেনকে 'আলহামদুলিল্লাহ' লিখতে এবং আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। অনেকে তার অতীতের কাজ, পোশাক বা জীবনধারা নিয়ে আপত্তিকর মন্তব্য ও ধর্মীয় দোহাই দিয়ে তার সমালোচনা করেছেন।
এমনকি কিছু ক্ষেত্রে মৃতদেহের অবমাননাকর মন্তব্য এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় সাইবার বুলিং করার ঘটনাও ঘটেছে।
নেটিজেনদের একটি বড় অংশ এই ধরণের অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন মৃত্যুর পরও একজন মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করা কতটা নৈতিক।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ১৫ মে রাতে তিনি মারা যান।
কারিনা কায়সারের মরদেহ আজ রোববার (১৭ মে) বিকেলে দেশে আনা হবে। তাঁকে বহনকারী বিমানটি বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সোমবার বাদ জোহর জানাজা শেষে মুন্সিগঞ্জের গ্রামে কারিনা কায়সারের দাফন সম্পন্ন হবে।
উল্লেখ্য ২০২৪ এর জুলাই আন্দোলনে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ২৪ এর ৫ আগস্ট গনভবনে হামলা হলে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র লুটপাটের ঘটনায় কারিনা কায়সার ও তার পরিবারের সদস্যদের অংশগ্রহণ করতে দেখা যায়।
মনে করা হচ্ছে সেই ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে কারিনা কায়সারের মৃত্যুতে নেটিজেনদের কিছু অংশ এই প্রতিক্রিয়া দেখিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
