ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লালাবাজারের ধনপুর খাল খনন সংস্কার কাজের উদ্বোধন করলেন এম এ মালিক

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ৪ মার্চ ২০২৬, বুধবার, ২:৫১ অপরাহ্ন

banglahour

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ধনপুর খাল খনন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।


দক্ষিণ সুরমা উপজেলা বিএডিসি, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর আয়োজনে সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খাল খনন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০ হাজারের বেশি কৃষক উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট-৩ আসনের উন্নয়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক (পিডি) ও সরকারি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


এম এ মালিক আরও বলেন, আধুনিক বাংলাদেশের কৃষি উন্নয়নের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সড়ক উন্নয়নের দাবির বিষয়ে প্রয়োজনীয় আবেদন পেলে তা বিবেচনা করা হবে এবং তিনি নিজেও সুপারিশ করবেন বলে জানান।


পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে চাল-ডাল ও ভিজিএফ সহায়তা প্রকৃত দরিদ্রদের মাঝে সুষমভাবে বিতরণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বঞ্চিতদের সঠিক তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাতে হবে, যাতে ন্যায্যভাবে সহায়তা পৌঁছে দেওয়া যায়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম আদনানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।
খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯