পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা।
গতকাল বিকালে অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে সাহাব উদ্দিন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে রাসেল স্টোরকে ২ হাজার টাকা, আমান উল্লাহ স্টোরকে ১ হাজার টাকা, আল মামুন স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং কবির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি সতর্ক করে বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় না করে।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেলসহ কটিয়াদী মডেল থানার পুলিশের একটি চৌকস টিম ও কটিয়াদী ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অভিযান পরিচালনায় সহায়তা করেন।
অভিযান পরিচালনা শেষে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার তারানা সংবাদ মাধ্যমকে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
