খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে পরিবহন শ্রমিক নেতা মাসুম বিল্লাহ হত্যার ঘটনায় ধৃত আসামি অশোক ঘোষ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পৃথক একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, আটক আসামি অশোক ঘোষকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, এখনো এ হত্যাকাণ্ডে জড়িত অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বুধবার রাতে খুলনা মহানগরীর ব্যস্ততম ডাকবাংলা মোড়ে বাটা দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক পরিবহন শ্রমিক নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী অশোক ঘোষকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
খুলনা সদর থানা পুলিশ জানায়, হত্যা মামলার বাদী হবেন নিহতের স্ত্রী ফাতেমা। অপরদিকে অস্ত্র আইনে দায়ের করা মামলার বাদী হয়েছে পুলিশ। আটক আসামি অশোক ঘোষকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
এদিকে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঈদের আগে এমন ঘটনার পর নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের ছেলে আবিদ হোসাইন ও ভাই মহিউদ্দিন এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
