চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে রায়পুর ইউনিয়নের দোয়াপাড়া গ্রামের বাসিন্দা রোজিনা খাতুন (২৭) বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় একই গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জেহের আলীর ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হোসেন (২২) তাকে পেছন দিক থেকে জাপটে ধরে পাশের একটি ড্রাগন বাগানে নিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।
একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে রোজিনা খাতুনকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার দুই হাত গুরুতরভাবে জখম হয়। তার চিৎকারে মেয়ে শিফা খাতুন ও শ্যালিকা তানিয়া খাতুন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত রাসেল পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর স্বামী কবির হোসেন অভিযোগ করে বলেন, ইউনিয়নের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে কয়েকদিন আগে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, শনিবার রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
