রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক অভিযানে গত ১৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর থানার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার শফি শেখের ছেলে।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।
গুরুতর আহত আতর শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-২৩, তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
