রাজধানীর মতিঝিল বিভাগে ব্লক রেইড পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
ডিবি সূত্র জানায়, রাজধানীর পল্টন থানা এলাকায় বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রবিবার (১৫ মার্চ) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম যৌথভাবে জাতীয় ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এরশাদ রোড এলাকায় এ ব্লক রেইড পরিচালনা করে। অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহাদৎ (১৮), মো. রবিন (১৮), হেলাল (৩৯), হেলাল (৩৫), মো. শহিদুল ইসলাম (১৯), মো. জুয়েল (২৭), হৃদয় (২৭), বাদশা (২৮), মো. জসিম সর্দার (২৮), মো. আরিফ (৩৫), মো. ফরহাদ (৩৫), শেখ শহিদুল ইসলাম নাদিম (৩৭), জামাল (৩৬), ইসমাইল (৩২) ও মো. বাবুল বাশার (৩৫)।
পরে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারে দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং দুইজনকে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
