সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না; সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের স্থগিত হওয়া নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ে এত রক্ত দেওয়ার পরও রাজনীতিতে সহিংসতা কেন থামছে না—এটা বড় প্রশ্ন। সংসদে অর্থ ব্যয় করে অশালীন বাক্যালাপও প্রত্যাশিত নয়। মানুষ হত্যা করে যদি কেউ পার্লামেন্টে যায়, তাদের কাছ থেকে কী আশা করা যায়?”
তিনি আরও বলেন, শেরপুর-৩ আসনে ব্যাপক সহিংসতা হয়েছে এবং অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ও অব্যবস্থাপনা থেকেই বোঝা যায়, জনগণের স্বাস্থ্যসেবার প্রতি অবিচার করা হচ্ছে।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
