বাংলা নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চারশ বছরেরও অধিক প্রাচীন মহামায়া বটতলায় ভক্তদের ঢল নেমেছে। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় বিশ্বাস ও ভক্তি থেকে এ স্থানে বিশেষ পূজা-অর্চনা করে থাকেন। নববর্ষের এ আয়োজনে শত শত পাঠাবলী অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের মনোবাসনা পূরণের আশায় মানত প্রদান করতে দেখা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) কটিয়াদী পুরাতন বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মহামায়া বটতলায় সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিবছর এ স্থানকে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় মর্যাদার তীর্থস্থান হিসেবে বিবেচনা করে থাকেন। বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে এখানে ধর্মীয় পূজা-অর্চনা ও পাঠাবলী অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিন দিনব্যাপী মেলা বসে, যেখানে খেলনা, ঘুড়ি, মিষ্টি, সন্দেশসহ নানা পণ্যের বেচাকেনা চলে।
স্থানীয়দের ধারণা, প্রায় দুই শত বছর আগে স্বর্গীয় বৈদ্যনাথ সাহা এ মহামায়া বটতলায় পহেলা বৈশাখে পূজা ও পাঠাবলীর সূচনা করেন। সেই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে।
বটতলায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক সমর কুমার বণিক জানান, এ বছর প্রায় দুই শতাধিক পাঠাবলী অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন মানত হিসেবে কবুতর, শাড়ি ও নানা সামগ্রী উৎসর্গ করেছেন ভক্তরা।
স্থানীয় জনস্বাস্থ্যকর্মী সুমিত বণিক বলেন, “আজকের এই পবিত্র দিনে শ্রী শ্রী মহামায়া মায়ের চরণে আমাদের প্রার্থনা—তিনি যেন সকলের জীবনে শান্তি, সুস্থতা ও কল্যাণ বয়ে আনেন। নতুন বছর হোক আশার ও মানবিকতার।
এ উপলক্ষে অনেক পরিবার বাড়িতে জামাই ও আত্মীয়দের আমন্ত্রণ জানিয়ে বিশেষ খাবার প্রস্তুত করেন। খই, মুড়কি, নারকেলের নাড়ুসহ নানা ঐতিহ্যবাহী খাবার তৈরির রেওয়াজও এখনো বহাল রয়েছে।
স্থানীয়দের মতে, নববধূকে ঘরে তোলার আগে কিংবা শিশুদের অন্নপ্রাশনের মতো সামাজিক অনুষ্ঠানও এখানে সম্পন্ন করা হয়, যা এ বটতলার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।
নববর্ষকে কেন্দ্র করে তিন দিনব্যাপী এ মেলা স্থানীয়দের কাছে শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং প্রাচীন ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হিসেবে বিবেচিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
