ভৈরবের শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অবৈধ ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলে এবং মন্ত্রণালয় ও হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রিপন।
সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান রিপন বলেন, গত ৫ আগস্টের পর তৎকালীন ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী তাকে বাড়ি থেকে থানায় ডেকে নিয়ে থানা ভাঙচুরের একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে পরদিন কিশোরগঞ্জ আদালতে পাঠান। আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আরও তিনটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে পুনরায় গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন, যা তদন্তে অসত্য প্রমাণিত হয়। এ সময় খোরশেদ আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করতে চাইলে প্রশাসন তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখে। বর্তমানে খোরশেদ আলম পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন তিনি।
রিপন প্রশ্ন তুলে বলেন, “আমাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়নি।
তাহলে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্যজন কীভাবে দায়িত্ব পালন করছেন?”
তিনি জানান, গত ১৯ এপ্রিল হাইকোর্ট তাকে পূর্ণ চেয়ারম্যান হিসেবে বহাল রেখে খোরশেদ আলমকে দায়িত্ব থেকে অপসারণের আদেশ দেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন।
এ বিষয়ে তিনি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
