ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-৩, আহত অন্তত-৯

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৪ ঘন্টা আগে) ২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:৩৬ অপরাহ্ন

banglahour


কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী যাত্রী বোঝাই একটি মাইক্রোবাসের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের চিৎকারে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন—ভুরুঙ্গামারী উপজেলার আসাদ মোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া আক্তার (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী ইসলাম (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন ইসলাম (২৮)। নিহত লিমন ইসলাম মাইক্রোবাসটির চালক ছিলেন।
আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুরে পাঠানো হয়।

ওসি আবদুল্লাহ হিল জামান বলেন, ‘নিহতদের মধ্যে দুজন পুরুষ ও এক মেয়ে শিশু রয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যান চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। বারবার দুর্ঘটনা ঘটলেও পরিস্থিতির উন্নতি হয়নি, যা নতুন করে প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯