চার বছর বয়সে রেলস্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়া গিয়েছিল ছোট্ট এক শিশুকে। নিজের নামটুকুও স্পষ্ট করে বলতে পারত না সে। চোখজুড়ে ছিল ভয়, অনিশ্চয়তা আর অজানা ভবিষ্যতের আতঙ্ক। সেই হারিয়ে যাওয়া শিশুটিই আজ নতুন জীবনের পথে পা রাখল। তার নাম স্বপ্না আক্তার।
দীর্ঘ ১৪ বছরের সংগ্রাম, ভালোবাসা আর আশ্রয়ের গল্প শেষে। সিলেটের শিবগঞ্জ লামাপাড়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বিয়ের পিঁড়িতে বসেন স্বপ্না। যে প্রতিষ্ঠান একদিন তাকে আশ্রয় দিয়েছিল, সেই প্রতিষ্ঠানই আজ হয়ে উঠল তার নতুন জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী।
বিয়ের পুরো আয়োজনজুড়ে ছিল মায়া, দায়িত্ববোধ আর মানবিকতার এক অপূর্ব দৃষ্টান্ত। সাজসজ্জা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, বিয়ের আনুষ্ঠানিকতা—সবকিছুই ছিল একেবারে আপন ঘরের মেয়ের বিয়ের মতো। উপস্থিত অনেকের চোখে তখন আনন্দ আর আবেগের অশ্রু। কারণ, পরিবারহীন এক তরুণীকে ঘিরে এত মানুষের ভালোবাসা সত্যিই বিরল দৃশ্য।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১২ সালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করার পর স্বপ্নাকে আশ্রয় দেওয়া হয় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। পরে অনুসন্ধানে জানা যায়, তার বাবা-মা কেউই বেঁচে নেই। ফলে পরিবারে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধানে তাকে স্কুলে ভর্তি করা হয়। ধীরে ধীরে লেখাপড়া শিখে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন স্বপ্না।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস. এম. মোক্তার হোসেন জানান, “স্বপ্নার বয়স এখন ১৮ বছর পূর্ণ হয়েছে। তার সম্মতি নিয়েই আমরা বিয়ের আয়োজন করেছি। আমরা চাই, তার ভবিষ্যৎ জীবন নিরাপদ ও সুন্দর হোক।
পাত্রও সিলেটের বাসিন্দা এবং ইলেকট্রিকের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত। বিয়েকে ঘিরে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসেন সহায়তার হাত নিয়ে। বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যা স্বপ্নার নামে এফডিআর করে সংরক্ষণ করা হবে। স্থানীয় এক ব্যক্তি উপহার দিয়েছেন প্রয়োজনীয় আসবাবপত্র। পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে ছিল অতিথি আপ্যায়নের আয়োজন। এমনকি একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উপহার হিসেবে দিয়েছে ১০০ কাপ দই।
সব মিলিয়ে পুরো আয়োজন ছিল আনন্দঘন ও হৃদয়স্পর্শী। কেউ বুঝতেই পারেননি, এটি পরিবার থেকে বিচ্ছিন্ন এক তরুণীর বিয়ে। বরং মনে হচ্ছিল, বহু আদর-স্নেহে বড় হওয়া কোনো মেয়ের শুভ বিবাহ অনুষ্ঠান চলছে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আবেগাপ্লুত হয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র শুধু একটি পিতৃমাতৃহীন শিশুকে আশ্রয়ই দেয়নি, তাকে শিক্ষিত করে জীবন গড়ার সুযোগ করে দিয়েছে। আজ তাকে বিয়ে দিয়ে তার ভবিষ্যতের ভিত্তিও তৈরি করে দিল। এটি সত্যিই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।”
তিনি নবদম্পতির সুখী ও সুন্দর জীবনের কামনা করেন।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে ১৭টি কেন্দ্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত, পথশিশু, ঝুঁকিতে থাকা ও পিতৃহীন শিশুদের নিরাপদ আশ্রয়, ভরণপোষণ ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে। স্বপ্না আক্তারের জীবনগল্প সেই মানবিক উদ্যোগেরই এক উজ্জ্বল ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
