ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪ নং কুমারগাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান প্রশাসক মো: তারা মিয়ার পরিবর্তনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন পরিষদের সদস্যরা। রবিবার বিকালে ইউপি সদস্যদের যৌথ স্বাক্ষরিত এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
আবেদনপত্রে ইউপি সদস্যরা বর্তমান প্রশাসকের বিরুদ্ধে একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ, স্বৈরাচারী মনোভাব এবং সরকারি অনুদান বিতরণে অনিয়ম ও চরম সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন।
লিখিত অভিযোগে জানানো হয়, বর্তমান প্রশাসক মো: তারা মিয়া (উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি) দায়িত্ব পাওয়ার পর থেকে পরিষদের নির্বাচিত ইউপি সদস্যদের সাথে কোনো প্রকার আলোচনা বা সমন্বয় না করেই নিজের ইচ্ছামতো ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া পরিষদের সকল প্রকার ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা তিনি একাই নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ সদস্যদের। এর ফলে ইউনিয়নের সাধারণ মানুষ সরকারের বিভিন্ন কল্যাণমুখী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণের ক্ষেত্রে কোনো রেজুলেশন করা হয়নি এবং এ বিষয়ে পরিষদের সদস্যদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে।
কুমারগাতা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বর্তমান প্রশাসক মো: তারা মিয়াকে জরুরি ভিত্তিতে পরিবর্তন করে নতুন প্রশাসক নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানিয়েছেন সদস্যরা।
আবেদনপত্রে স্বাক্ষর করেছেন সংরক্ষিত আসনের নারী সদস্য মোছাঃ নাদমা খাতুন, মোছাঃ মমতাজ বেগম, মোছাঃ জাহানারা খাতুন পলি এবং সাধারণ ওয়ার্ডের সদস্য মোঃ শাহিনুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন রুবেল ও মোঃ খোরশেদ আলমসহ অন্যন্য সদস্যবৃন্দ।
প্রাশাসক মো: তারা মিয়ার সাথে মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আপনারা পরিষদের এসে সকলের সাথে কথা বলে দেখতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র বলেন, আবেদনটি গ্রহণ করেছি এ বিষয়ে ডিসি মহোদয় কে জানানো হয়েছে ঈদের পর নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
