মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় দল মত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মরহুম তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে আসা হয় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে।
এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা ভিড় জমান।
সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহটি নিয়ে যাওয়া হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তোফায়েল আহমেদের মরদেহ পৌছালে শেষ বারের মতো এক নজর তার মরদেহ দেখতে উপচে পড়ে জানতার ঢল।
দুপুর আড়াইটায় শুরু হওয়া এই জানাজায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের উপস্থিতির কারনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তীতে ভোলা জেলা বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল ও যুবদলের কর্মীদের সেখান থেকে সরিয়ে নিলে বড়ো কোন সহিংসতা ছাড়াই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে তোফায়েল আহমেদেকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়।
জেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই তাকে সমাহিত করার কথা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
