ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ দিন আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৯ অপরাহ্ন

banglahour

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর এসেছে। এখন থেকে কোনো বাংলাদেশি কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে তিনি অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করতে পারবেন এবং এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না বলে জানিয়েছে সৌদি আরব।


মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এ তথ্য জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা সৌজন্য সাক্ষাৎ করেন।


বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শ্রমবাজার সম্প্রসারণ ও শ্রম সহযোগিতা জোরদারে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে ছিল গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ কর্মসূচি (এসভিপি) এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তির আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়ন। পাশাপাশি যৌথ কমিশন ও যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়।


বাংলাদেশ সৌদি আরবের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে যৌথ উদ্যোগে দেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাবও দেয়। এছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও হসপিটালিটি খাতে দক্ষ কর্মী নিয়োগ সহজ করতে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির কাঠামো গঠনের বিষয়েও আলোচনা হয়।


বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বর্ধিত ওয়ার্ক পারমিট ফি-র কারণে কিছু নিয়োগকর্তার সৃষ্ট বিলম্ব দূর করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়।


প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছেন। তিনি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষাজ্ঞান কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি নারী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানান।


জবাবে সৌদি ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় সৌদি আরবে ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম ও বীমা সুবিধা চালু রয়েছে।

এছাড়া সৌদি কারাগারে আটক বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠানো হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯