ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান 'দুর্গাপূজায় চুয়াডাঙ্গাসহ যশোর রিজিয়নের ২২২টি পূজামণ্ডপে মোতায়েন থাকবে ২ হাজার বিজিবি সদস্য'

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫৮ মিনিট আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২:৫২ পূর্বাহ্ন

banglahour

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে যশোর রিজিয়নের ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালের পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ তথ্য জানান বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।


পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। এ সময় তিনি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফলের ডালা ও নগদ অর্থসহায়তা তুলে দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। মণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করবে।
তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের অংশ হিসেবে গত ১০ থেকে ১৪ অক্টোবর যশোর রিজিয়নের বিজিবি ইউনিটগুলো নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রেকি সম্পন্ন করেছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রায় দুই হাজার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে।


রিজিয়ন কমান্ডার আরও জানান, ছয়টি সীমান্তবর্তী জেলার ৩৭টি উপজেলায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন থাকবে। ৫৮টি বেইজ ক্যাম্প থেকে সদস্যরা সার্বক্ষণিক এ দায়িত্ব পালন করবেন।


তিনি বলেন, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক ও তৎপর থাকবে।


ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। শারদীয় দুর্গোৎসব যেন নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে তিনি সর্বস্তরের নাগরিক, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছে বিজিবি।
                               

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম