সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ময়মনসিংহের মুক্তাগাছায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার ছয়টি সঠিক ধাপ হাতে-কলমে শেখানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ স্লোগান সামনে রেখে মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে পৌরসভা সভাকক্ষে আলোচনা সভা ও হাত ধোয়ার সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক কৃষ্ণ চন্দ্র। অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সুকোমল রায়, হিসাবরক্ষণ কর্মকর্তা এম এ বারী আকন্দ ও উপসহকারী প্রকৌশলী মো. সাদেক মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার ছয়টি সঠিক ধাপ দেখানো হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগের সংক্রমণ প্রতিরোধ এবং নিরাপদ স্বাস্থ্যচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, হাত ধোয়া সাধারণ একটি অভ্যাস হলেও সুস্থ থাকার জন্য এর গুরুত্ব অপরিসীম। সঠিক নিয়মে সাবান ও পানি দিয়ে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির সময়, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
তারা আরও বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাসের কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিচ্ছন্নতার চর্চা প্রতিদিনের জীবনে নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতার বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
