শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রবিবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ৬টি জেলার সীমান্তবর্তী এলাকাসহ খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটগুলো সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ প্রেক্ষিতে রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্পগুলো থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এবং ৭১টি টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যা ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ড্রোনের মাধ্যমেও নজরদারি অব্যাহত রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পালিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
