নেত্রকোনার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়ে সাংবাদিকেরা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্যসচিব ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধের বিচার না হলে সত্য প্রকাশে সাংবাদিকেরা বাধার মুখে পড়বেন। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। আলিফের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য বজরং আগরওয়ালা, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসেন, দরাজ আলী,, রিপন সারওয়ার, তাজুল ইসলাম, ফেরদৌস তাজ, সুলভ হুসাইন, বাবলু আকন্দ, হযরত আলী ও সবুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
