সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জি বাংলার অত্যন্ত জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’ উপস্থাপনা করেছেন। দীর্ঘ ১০ বছর উপস্থাপনা শেষে এই গেম শো থেকে নিজেকে সরিয়ে নেন সৌরভ।
‘দাদাগিরি’ ছাড়ার কারণ হিসেবে তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহন ও অভিজ্ঞতা অর্জন করার ইচ্ছাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।
হিন্দুস্তান টাইমস এর খবর অনুযায়ী, সম্প্রতি ‘টাফ টক উইথ ঋতব্রত’ নামক একটি পডকাস্টে এসে সৌরভ নিজেই এই বিষয়ে মুখ খোলেন। নিজের এই সিদ্ধান্তকে ক্রিকেটের একটি চমৎকার উপমার মাধ্যমে ব্যাখ্যা করে ‘মহারাজ’ বলেন, “অনেক দিন করেছি। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।” অর্থাৎ, দীর্ঘদিন একই ভূমিকায় সফল থাকার পর তিনি এখন নিজেকে নতুন কোনো ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে চান।
সৌরভ গাঙ্গুলি স্টার জলসা চ্যানেলের সাথে একটি বড় চুক্তিতে আবদ্ধ হয়েছেন, যার আওতায় তিনি ‘বিগ বস বাংলা’ এবং একটি নতুন কুইজভিত্তিক রিয়েলিটি শো সঞ্চালনা করবেন। স্টার জলসার সাথে তাঁর চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তির গুঞ্জন থাকলেও সৌরভ স্পষ্ট করেন যে, অর্থের কারণে নয় বরং নতুন কিছু করার তাগিদেই তিনি চ্যানেল পরিবর্তন করেছেন।
দাদাগিরির নতুন সঞ্চালক হয়ে এসেছেন অভিনেতা দেব। সেই প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, দেবের প্রস্তাব পাওয়ার পর তিনি নিজেই দেবকে ফোন করে তাঁর মতো ‘দাদা’ হওয়ার চেষ্টা না করে নিজের স্বতন্ত্র স্টাইলে শো সঞ্চালনা করার পরামর্শ দিয়েছেন।
‘দাদাগিরি’ গেম শো এর বর্তমান সঞ্চালক দেবের সঞ্চালনা তাঁর ভালো লাগছে বলেও তিনি মন্তব্য করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
