ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
গুলশান নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করার পর গত ১৪ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরন করেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকার নিকেতন মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা শেষে ফ্রিজিং ভ্যানে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে পপির মাকে 'আম্মা' সম্বোধন করে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী পপি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গন এবং লোকচক্ষুর আড়ালে রয়েছেন। মায়ের মৃত্যুর এই সময়েও তাকে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
