ভৈরবে প্রবাসী রোকন উদ্দীন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় ভৈরব - ময়মনসিংহ সড়কে ঘন্টা ব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায় । এতে যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। পরে খবর পেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা। পরে ১ ঘন্টা পর ভৈরব- ময়মনসিহ - কিশোরগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অবরোধ চলাকালে উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, কালিকা প্রসাদ ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মোঃ লোকমান মিয়া, ইউপি সদস্য মোস্তফা মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ ওবায়দুল্লাহ বলেন, দীর্ঘ ১ মাস অতিবাহিত হলেও সিঙ্গাপুর প্রবাসী রোকন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার কারনে হত্যাকারীরা নিরাপদে বাস করছে। অবিলম্বে রোকন হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠিন কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশ কে দেখে উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারীদের গ্রেফতারে ডিবি,সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবে বলে আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ভৈরবে কালিকাপ্রসাদ নয়াহাটি গ্রামে নিজ বাড়ির পাশে জাম গাছ থেকে হাত - পা বাধা সিঙ্গাপুর প্রবাসী রোকন উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোকন মিয়া (২৪) সাত্তার মিয়ার পুত্র । এ ঘটনায় নিহতের বাবা সাত্তার মিয়া ভৈরব থানায় অজ্ঞাত নামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে । নিহতের ভাই রুবেল ও রাসেল মিয়া সহ পরিবারের সদস্যরা জানান, নিহত রোকনুজ্জামান বিগত ৩ বছর আগে সিঙ্গাপুরে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি । গত ১ মাস আগে ২ মাসের ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন। সোমবার রাতে খাওয়া - দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে তাকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে তার বন্ধু ডেকে নেন। পরে ভোরে গরুর ঘাস কাটার জন্য রুবেল মিয়া ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে জাম গাছে হাত - পা বাধা অবস্থায় রোকন মিয়ার মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
